ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে দুটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণের উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এ লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্মাণাধীন দুটি স্বল্পদৈর্ঘ্যের একটি ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ৩০ মিনিট, আর এ জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।
অন্য স্বল্পদৈর্ঘ্যটির বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাকে কেন্দ্র করে। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য হবে ১২ থেকে ১৫ মিনিট এবং বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রস্তুত, কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ সম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি মানসম্মত ও সৃজনশীল নির্মাণের সক্ষমতাও থাকতে হবে।
যোগ্যতার শর্ত হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে মহাপরিচালকের দপ্তরে সিলগালা অবস্থায় আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে বলা হয়েছে।