সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
সারাদেশ

সিংগাইরে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মারামারি, এএসআই ও কনস্টেবল আহত

সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া চর পল্টন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানে দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর তদন্ত কেন্দ্রের এএসআই হুমায়ুন কবির ও কনস্টেবল বিপ্লব হোসেন আহত হয়েছেন।

এদিকে, মারামারির ঘটনায় হুমায়ুন কবির বাদী হয়ে ৩৫- ৪০ জনকে অজ্ঞাত আসামি করে রবিবার (২ মার্চ) সিংগাইর থানায় মামলা দায়ের করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চর পল্টন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। বিকেল সাড়ে ৫ টার দিকে পুরস্কার বিতরণ চলাকালীন চান্দহর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তানভীর সরদারের ছেলে আশিক আহমেদ উপস্থাপনা করতে যায়। এ সময় বিএনপি নেতা প্রয়াত দেলোয়ার মাদবরের ছেলে রনি বাঁধা দেয়। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে আশিকের পক্ষ থেকে তদন্ত কেন্দ্রে ফোন দিলে পুলিশ এসে রনিকে আটকের চেষ্টা করে। দু’পক্ষের মারামারিতে এএসআই হুমায়ুন কবির ও কনস্টেবল বিপ্লব হোসেন আহত হন। আহত পুলিশদ্বয় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, বিএনপি’র দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। এ অভিযোগ অস্বীকার করে চান্দহর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তানভীর সরদার বলেন, রনির প্রয়াত বাবা বিএনপি করলেও ছেলে ছাত্রলীগ করে। গত সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ টুলুর একনিষ্ঠ কর্মী ছিল।

রনি জানান, আমাদের পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। গত ৬ আগস্ট তানভীর সরদার তার লোকজন নিয়ে আমার ওপর হামলা করে। সে ঘটনার জেরে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মারামারি হয়। পুলিশের ওপর আক্রমণ ও মারধরের কথা অস্বীকার করে তিনি।

আহত এএসআই হুমায়ুন কবির বলেন, ওইদিন অনুষ্ঠানস্থলে উত্তেজনার খবর পেয়ে গিয়েছিলাম। দু’পক্ষের মধ্যে মারামারিতে পড়ে আঘাতপ্রাপ্ত হই। মামলা দায়েরের প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন,বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন।

আটিপাড়া চর পল্টন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, তানভীর সাহেব অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষে তার ছেলের সঙ্গে অন্য একটি গ্রুপের হাতাহাতি হয়েছে শুনেছি।

এ ব্যাপারে শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাসুদেব সিনহা বলেন, কাউকে চেনা যায়নি। তদন্তসহ আসামি শনাক্তের কাজ চলছে। জড়িতদের গ্রেপ্তারের পর রিমান্ডে এনে পুলিশ অ্যাসোল্টের রহস্য বের করা হবে।

এই সম্পর্কিত আরো