নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় একটি বিদেশি পিস্তল (৯ এমএম) ও ছয় রাউন্ড তাজা গুলিসহ মো. বাবুল শেখ (৪২) ও মো. বিপুল শেখ (৩৫) নামের আপন দুই ভাইকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে লোহাগড়া পৌর সভার কুন্দসী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. বাবুল শেখ ও মো. বিপুল শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, লোহাগড়া পৌর এলাকার কুন্দসী গ্রামের খলিলুর রহমানের বসতবাড়ির পাশের মেহগনি বাগানে মাদক বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ দুইজনকে আটক করে তাদের শরীরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি ৯ এম. এম. পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আরও জানায়, অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে লোহাগড়া থানায় নিয়মিত মামলার মাধ্যমে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাবুল শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগে মাদকসহ অন্যান্য ১৭টি মামলা রয়েছে এবং বিপুল শেখের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সচেষ্ট আছেন বলে জানান জেলা পুলিশ সুপার (এসপি) কাজী এহসানুল কবীর।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, জেলা পুলিশের মুখপাত্র (ইন্সপেক্টর-বিশেষ শাখা) মীর শরিফুল হক, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানসহ থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।