ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় বিলের ফিসারী থেকে আবেদ আলী(৭০) নামের এক বৃদ্ধ কৃষকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা উপজেলার বালিখাঁ ইউনিয়নের ধলাই বিলে জনৈক শহীদ মিয়ার ফিসারী থেকে হাত পা বাঁধা ওই কৃষকের লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক আবেদ আলী তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের পাগুলি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে ধলাই বিলে জনৈক শহীদ মিয়ার ফিসারীতে মাছকে খাবার দিতে গিয়ে তাঁর কাজের লোক রাসেল মিয়া(২৬) হাত পা বাঁধা অবস্থায় একটি লাশ পানিতে ভাসতে দেখেন। এ সময় রাসেল মিয়া চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নিহত কৃষক আবেদ আলীর স্ত্রী ছবুরেন্নেছা (৬৫) জানান, রোববার সন্ধ্যায় বাড়ির পাশে মসজিদের ওয়াজ মাহফিল শুনার কথা বলে বাড়ি থেকে বের হন আবেদ আলী। রাতে তিনি আর বাড়ি ফিরে না আসায় স্বামীকে খুঁজতে শুরু করেন তিনি। রাতভর খোঁজাখুঁজির পরও কৃষক আবেদ আলীর দেখা পাননি তারা। সকালে খোঁজাখুঁজির সময় তারা শুনতে পান ধলাই বিলে একটি লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে তিনি দেখতে পান লাশটি তার স্বামীর।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান এ বিষয়ে বলেন, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার(ফুলপুর সার্কেল) মাকসুদুর রহমান মহোদয় এবং আমি সঙ্গীয় ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কৃষকের হাত পা বাঁধা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। মৃত্যুর কারণ জানার জন্য লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। আপাতত দৃষ্টিতে একে একটি হত্যাকান্ড বলেই ধারণা করছি। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের তৎপরতা অব্যাহত আছে।