সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের সিংগাইরে রাতের আঁধারে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
সোমবার(২৪ ফেব্রুয়ারি) শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলে এ চুরির ঘটনা দেখতে পান।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, রবিবার বিদ্যালয়ের ক্লাস শেষে নির্ধারিত সময়ে সকল রুম তালাবদ্ধ করে শিক্ষকরা চলে যান। সোমবার সকালে শিক্ষকরা এসে দেখেন অফিস কক্ষসহ চারটি ক্লাস রুমের তালা ভাঙ্গে পাঁচটি সিলিং ফ্যান, একটি বৈদ্যুতিক মোটর, অফিস রুমে ব্যবহৃত কিছু প্লেট ও স্পোর্টসের পুরষ্কারসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এছাড়াও তছনছ করেছে গুরুত্বপূর্ণ ফাইল ও কাগজপত্র।
এ বিষয়ে জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকমল হোসেন মোল্লা বলেন, আগামী শুক্রবার ছিল বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণের সামগ্রী সহ মোট ৪০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। ইতিপূর্বে চুরির ঘটনায় থানায় অভিযোগ করে কোন ফল হয়নি বলে এ চুরির ঘটনায় তিনি অভিযোগ করেননি বলেও জানান।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।