ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠসংলগ্ন এলাকায় পথে র্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে পিকআপ না থামিয়ে বেপরোয়া গতিতে চেকপোস্ট এলাকা ত্যাগ করে একটি পিকআপ ভ্যান। পরে পিছু নেয় র্যাব, কিছু দূরে ধরা হয় পিকআপভ্যান ও চালককে। এ সময় পিকআপ থেকে ২৫৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে,ওই পিকআপ ভ্যানে করে বিদেশি মদ ঢাকার অভিজাত এলাকার বারে যাচ্ছিল।
আটক পিকআপ ভ্যানের চালক মো. ইয়াছিন (২৬) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমুসচূড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।
সোমবার(২৪ ফেব্রুয়ারি)দুপুরে র্যাব-১৪ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা গনমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
র্যাব জানায়, ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠসংলগ্ন এলাকায় রোববার রাতে চেকপোস্ট বসায় র্যাব-১৪। এসময় বিভিন্ন যানবাহনে র্যাব সদস্যরা তল্লাশি চালাতে থাকেন। দিবাগত রাত একটার দিকে শেরপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান র্যাবের চেকপোষ্টে না থেমে বেপরোয়া গতিতে অতিক্রম করে। পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে র্যাবের একটি দল। কিছু দূর যাওয়ার পর পিকআপ ভ্যানটি থামিয়ে পালানোর চেষ্টা করলে চালককে আটক ও পিকআপ ভ্যানটি জব্দ করে র্যাব। সময় পিকআপ থেকে ২৫৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।তবে পিকআপে থাকা অপর সদস্য পালিয়ে যান।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।