নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির সাজেকে ভয়াবহ আগুরন অন্তত ৩০টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে সাজেকের অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আখতার বলেন, ফায়ার সার্ভিস সাজেক পৌঁছেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভার পর ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।
পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটনকেন্দ্রের আশপাশে অগ্নিনির্বাপণ কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়তে থাকে একের পর এক কটেজ। সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টার দূরত্ব পাড়ি দিয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি থেকে ফায়ারসার্ভিস আসার আগেই আগুনে পুড়ে ছাই হয় ১০টি রিসোর্ট।
যেসব রিসোর্টগুলো পুড়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে সেগুলো হলো—ইকোভ্যালি, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্র্রিকা, তরুছায়া, মেঘেরঘর, মর্নিংস্টার, তংথক ও মনটানা।
সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অনেকগুলো রিসোর্ট পুড়ে গেছে। সংখ্যাটা এখনই বলা সম্ভব নয়।