ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় প্রাইভেট কারচাপায় মোঃ শরিফুল ইসলাম (৪৭) নামে এক ব্যাটারিচালিত অটোচালক নিহত হয়েছেন।এ সময় অটোর এক যাত্রী আহত হলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত শরিফুল ইসলাম ভালুকা পৌরসভার কাঁঠালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ভালুকা নতুন বাসস্ট্যান্ড হৃদয়ের সুপার মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্নে ওই দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ভালুকা নতুন বাসস্ট্যান্ড হৃদয় সুপার মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানের ইউটার্ন নিয়ে মহাসড়কের ময়মনসিংহগামী লেন থেকে ঢাকাগামী লেনে আসছিল ব্যাটারিচালিত একটি অটো। ওই সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার অটোটিকে চাপা দেয়। এতে অটোচালক শরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত এবং অটোর এক যাত্রী আহত হন।
এসময় প্রাইভেট কারটি ফেলে চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ও আহতকে হাসপাতালে প্রেরণ করার পাশাপাশি প্রাইভেট কারটিও জব্দ করে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ তাদের জিম্মায় রয়েছে। প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।