কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় পাশের ভবন থেকে ছিনতাই ও গুলির দৃশ্য মোবাইলে ভিডিও করেন বাসিন্দারা। রাতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে তিনটি মোটরসাইকেলে করে মোট সাতজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে একটি বাড়ির গেটের সামনের রাস্তায় ফেলে দিয়ে একজন ছিনতাইকারী তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়। অন্যদিকে আরেকজন ছিনতাইকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছিল।
এসময় ভুক্তভোগী ব্যবসায়ী মা-গো মা-গো করে চিৎকার করছিলেন। তিনি যখন ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিচ্ছিলেন তখন পাশে দাঁড়ানো আরেক ছিনতাইকারী ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় ভুক্তভোগী ব্যবসায়ী আরও জোরে জোরে মা-গো মা-গো বলে চিৎকার দিতে দিতে কিছুটা দৌড়ে পেছনের দিকে পালিয়ে যান।
গুলিবিদ্ধ আনোয়ারের স্বজনরা জানান, আনোয়ারের ব্যাগে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা ছিল। তাদের ধারণা দোকান থেকেই তাকে অনুসরণ করেছিল দুর্বৃত্তরা। এরপর বাসার সামনে পৌঁছামাত্র স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। রোববার বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।
তিনি আরও বলেন, মো. আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তার শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।