চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এক নবদম্পতি ছিনতাইয়ের কবলে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীর গয়না ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।
তবে পুলিশ বলছে, কোন ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা। ফেলে যাওয়া মোটরসাইকেলের সুত্র ধরে অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে।
রবিবার রাত ৮টার দিকে দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের অদূরে এ ঘটনা ঘটে।
আহত সাগর একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুনগ্রামের মজিবারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রীকে সঙ্গে করে বাড়ি ফিরছিলেন সাগর। হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের অদূরে পৌছালে একদল ছিনতাইকারীর কবলে পড়েন তারা। পড়ে সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার স্ত্রীর কাছে থাকা গহনা ছিনিয়ে নেই। পরে ধস্তাধস্তির সময় চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেলটি উদ্ধার করে। আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সাগরের চাচা জাহাঙ্গীর বলেন, শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনার কবলে পড়ে তারা। সাগরের স্ত্রীর সঙ্গে কথা বলে জেনেছি, তার হাতের এক জোড়া স্বর্ণের বালা, কানের দুল, গলাই চেইন ও নাকফুল জোরজবরদস্তি করে ছিনিয়ে নিয়েছে। পুলিশের দাবি কিছুই নিতে পারেনি জানালে তিনি বলেন, পুলিশের সঙ্গে সাগরের স্ত্রীর দেখা হয়নি। দেখা হলে সে নিয়েই জানাবে। আমি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। আর সাগর চিকিৎসাধীন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, সাগরের বাম হাতের ঘাড়ের নিচেই ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে ছয়টা সেলাই দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তিনি শঙ্কামুক্ত।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। সেই সময় ধারাল অস্ত্রের আঘাতে সাগর আহত হয়। তবে তাদের থেকে কিছুই নিতে পারেনি। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলের সুত্র ধরে অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে।