আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।
শনিবার (২৮ নভেম্বর) বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তামিম বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে মুশফিক অবসর নিতে যাচ্ছে। বেশ কয়েকদিন আগে ফোন করে মুশফিক আমাকে তার এই সিদ্ধান্তের ব্যাপারে জানায়। আমি ওর সাথে নিয়মিত যোগাযোগেই ছিলাম। আমি বলেছিলাম একটা সংবাদ সম্মেলন করে সে-ই যেন এটা জানায়। আর অনুরোধ করেছিলাম যেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে না জানায়।'
এর ফলে আসন্ন মিরপুর টেস্টই হবে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে মুশফিকুর রহিমের শেষ ম্যাচ।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। সেই কারণেই বিদায়ের মঞ্চ হিসেবে এই সিরিজকে বেছে নিয়েছেন মুশফিক। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তার। প্রায় ২২ বছর পর ২০২৭ সালের জানুয়ারিতে একই প্রতিপক্ষের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের। আগামী বছরের মে মাসে লর্ডসে একটি টেস্ট খেলবে বাংলাদেশ, তবে সেই পর্যন্ত অপেক্ষা না করে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র শেষ করেই থামছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
এ পর্যন্ত ১০৮টি টেস্ট ম্যাচ খেলা মুশফিক ১৯৯ ইনিংসে প্রায় ৩৭ গড়ে মোট ৭ হাজার ৬২ রান করেছেন। তাঁর নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা, সর্বোচ্চ রান সংগ্রহ এবং সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড তাঁর দখলে।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার অধীনে ৭টি টেস্টে জয় ও ৯টিতে ড্র করে দল। পরাজয়ের হার ৫২.৩৪ শতাংশ, যা একাধিক ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করা ক্রিকেটারদের মধ্যে সর্বনিম্ন। ২০১৬ সালে তার নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও একমাত্র টেস্ট জয় পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও হারায় দল, আর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টেও জয় আসে তার অধিনায়কত্বে।
৩৯ বছর বয়সী মুশফিক ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে আসন্ন টেস্ট ম্যাচটিই হবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ দায়িত্ব।
তাঁর অবসরের মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এক অসাধারণ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে।