সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
advertisement
খেলাধুলা

ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

সময় যত গড়াচ্ছিল, লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারের উত্তেজনা ততই চরমে পৌঁছাচ্ছিল। একে একে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের পর আসে সেই মাহেন্দ্রক্ষণ—যেটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কার হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর?

মঙ্গলবার (২৭ অক্টোবর) লন্ডনের এই ঐতিহাসিক থিয়েটারে পুরুষ ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করতে মঞ্চে ওঠেন ব্রাজিলের কিংবদন্তি তারকা রোনালদো নাজারিও। তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো হলরুম।

অবশেষে ঘোষণা করা হয় কাঙ্ক্ষিত সেই নাম। ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ী হিসেবে উচ্চারিত হয় হ্যারি কেইনের নাম। বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের তারকা এই স্ট্রাইকারের হাতে পুরস্কার তুলে দেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

বায়ার্ন মিউনিখের জার্সিতে গোলের পর গোল করে আলোচনায় থাকা কেইনের জন্য এটি ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি। এই অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলার আবারও জিতলেন ব্যালন ডি’অর।

পুরস্কার হাতে মঞ্চে উঠে নিজের আবেগ ধরে রাখতে পারেননি কেইন। বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বাহ, বাহ, বাহ।’ এরপর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই আয়োজন হওয়ায় মুহূর্তটি আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। আজকের রাতটি আমার জন্য যেন শুভ বার্তা নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেইন বলেন, এবারের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা ছিল কঠিন। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের সেরা ফুটবলারদের পাশাপাশি সব বিজয়ী ও মনোনীত খেলোয়াড়কে অভিনন্দনও জানান তিনি। তাঁর মতে, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম যে সাফল্যের পথ তৈরি করে দিতে পারে, এবারের আয়োজন তারই প্রমাণ।

রেকর্ড গড়া এক মৌসুম
গত মৌসুমে অবিশ্বাস্য পারফরম্যান্সেরই যোগ্য প্রতিদান পেলেন কেইন। বায়ার্ন মিউনিখের জার্সিতে ৩৩ বছর বয়সী এই ইংলিশ তারকা রীতিমতো গোলমেশিনে পরিণত হয়েছিলেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে মাত্র ৬৫ ম্যাচে তিনি করেছেন চোখধাঁধানো ৭৩টি গোল এবং অ্যাসিস্ট করেছেন ৮টিতে।

তার এই অসাধারণ নৈপুণ্যে ভর করেই বায়ার্ন মিউনিখ জিতেছে বুন্দেসলিগা, জার্মান কাপ এবং জার্মান সুপার কাপের শিরোপা।

দুই যুগ পর ইংল্যান্ডে ব্যালন ডি’অর
এবারের এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে দীর্ঘ দুই যুগ বা ২৪ বছর পর ব্যালন ডি’অর ট্রফিটি ইংল্যান্ডে ফিরিয়ে আনলেন হ্যারি কেইন। সর্বশেষ ২০০১ সালে ইংলিশ ফুটবলার হিসেবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার জিতেছিলেন মাইকেল ওয়েন।

সবমিলিয়ে পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের গৌরব অর্জন করলেন কেইন। এর আগে ১৯৫৬ সালে ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন দেশটির কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউস। পরবর্তীতে ১৯৬৬ সালে স্যার ববি চার্লটন এবং ১৯৭৮ ও ১৯৭৯ সালে কেভিন কিগান এই স্বীকৃতি অর্জন করেছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ