বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

পুঁজিবাজারে অ-তালিকাভুক্ত কোম্পানির কর ২৫ শতাংশ করার প্রস্তাব ডিসিসিআইয়ের

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ, ব্যক্তিখাতে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করা এবং বাণিজ্যিক আমদানিতে আগাম কর ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানোর প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটি রাজস্ব কাঠামো ও শুল্ক ফেরত ব্যবস্থায় পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ওপরও জোর দেয়।
 
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনায় ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব একেএম আসাদুজ্জামান পাটোয়ারী ৫৪টি প্রস্তাবের সারসংক্ষেপ এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে তুলে ধরেন।
 
ডিসিসিআইয়ের কাস্টমস ও ভ্যাট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক এ বি এম লুৎফুল হাদি বলেন, করজাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বাড়ানো, ব্যবসার ব্যয় কমানো এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ উৎসাহিত করতেই এসব প্রস্তাব দেওয়া হয়েছে।
 
প্রস্তাবনায় সরকারি সংস্থাগুলোর তথ্য সমন্বয়ের মাধ্যমে কেন্দ্রীয় সংযুক্তি ব্যবস্থা চালু, কোম্পানির আমানতের উৎসে কর ২০ শতাংশ থেকে ১০ শতাংশে নামানো, নিট সম্পদের ওপর অতিরিক্ত কর ধাপে ধাপে তুলে দেওয়া, ভ্যাট ফেরতের সীমা বাতিল এবং মূসক ব্যবস্থায় স্বয়ংক্রিয়তা বাড়ানোর সুপারিশ করা হয়।
 
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আসন্ন বাজেটে শুল্কহার কমানোর চেয়ে অশুল্ক বাধা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হবে। কর ফাঁকিদাতাদের চিহ্নিত করে করের আওতায় আনার পাশাপাশি ভ্যাটের পরিধি বাড়ানোর উদ্যোগও জোরদার করা হবে।
 
তিনি বলেন, বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৮ লাখের কম, যা অর্থনীতির আকার বিবেচনায় আরো বাড়ানো প্রয়োজন। আগামী বছর থেকে কোম্পানির আয়কর রিটার্ন অনলাইনে জমা এবং কর ফেরত অনলাইনে দেওয়ার ব্যবস্থাও চালু হবে।

এই সম্পর্কিত আরো