চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কেনা হবে। আর ৪৯ টাকা কেজি দরে কেনা হবে ১২ লাখ টন সিদ্ধ চাল। এছাড়া সরকার ৪৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল ও ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ধান ৩ মে থেকে ও চাল ১৫ মে থেকে সংগ্রহ শুরু করবে সরকার। ধান ও চাল সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে এ সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উদ্যোগের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে গমের চাহিদা প্রায় ৮০ লাখ টন। এর মধ্যে মাত্র ৮ লাখ টন দেশে উৎপাদিত হয় এবং বাকি ৭২ লাখ টন গম ‘‘ওপেন টেন্ডার’’ বা ‘‘জিটুজি’’ পদ্ধতিতে আমদানি করা হবে।’
যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম কেনার আলোচনা চলছে জানিয়ে তিনি আরও বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখান থেকে কেনা সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।