সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৮১ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুইজন, ঢাকা বিভাগে বিভাগেএকজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও রাজশাহী বিভাগে একজনের প্রাণহানি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭, খুলনা বিভাগে ৩০২, ময়মনসিংহ বিভাগে ৯৬, রাজশাহী বিভাগে ১৯৯, রংপুর বিভাগে ৭৫ ও সিলেট বিভাগে ১৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২৭ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২৪, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন।
গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। আর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।