রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিনোদন

বিএনপির মনোনয়ন নিলেন অভিনেত্রী চমক

এবার ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
 
কুষ্টিয়া-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন অভিনেত্রী চমক। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দল বিএনপিতে যোগ দিয়েছেন। চমক নিজেই খবরটি জানিয়েছেন।
 
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কনকচাঁপা, বেবী নাজনীনসহ বেশ কয়েকজন তারকার মনোনয়ন সংগ্রহের কথা শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
 
সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায় এই অভিনেত্রীকে।
 
চমক বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী চমক লিখেছেন,“নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”
 
তাহলে কি বিএনপি থেকে এমপি হওয়ার সবুজ সংকেত পেলেন চমক? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
 
উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। এরপর একাধিক নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। জুলাই গণআন্দোলনের সময় তিনি ছাত্র-জনতার পক্ষেও অবস্থান নিয়েছিলেন বলে জানা যায়।
 

এই সম্পর্কিত আরো