বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার থেকেই নতুন দর কার্যকর হবে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
সবমিলিয়ে গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দামের তুলনায় দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুণতে হবে ভোক্তাকে।
অন্যদিকে প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এতে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা করা হয়েছে, যেখানে লিটারে ১৯ টাকা দাম বেড়েছে।
এর গত ৩১ মার্চ জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পূর্বের মতো এপ্রিল মাসেও একই রাখা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা। আর অকটেনের দাম করা হয়েছিল প্রতি লিটার ১২০ টাকা।