শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
অর্থ-বাণিজ্য

পেঁয়াজের বাজারে সেঞ্চুরি

অর্থ-বাণিজ্য: দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম আরও ৫ টাকা বেড়েছে। এতে আবার সেঞ্চুরি হাঁকালো মসলাজাতীয় পণ্যটি। শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর মগবাজার, মোহাম্মদপুর, বনানী ডিএনসিসি কাঁচাবাজার ও কারওয়ান বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

বাজারগুলোতে কেজিপ্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত ৩ থেকে ৪ দিনে পাইকারি পর্যায়ে রান্নাঘরের পণ্যটির  দর বৃদ্ধি পেয়েছে। তাই খুচরা পর্যায়েও মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। 

গত ১৯ আগস্ট পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত। এরপর নিত্যপণ্যটির দর লাফিয়ে লাফিয়ে বাড়ে। একপর্যায়ে তা শতক স্পর্শ করে।

১৩ সেপ্টেম্বর পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা বেঁধে দেয় সরকার। সেটা কার্যকর করতে বাজারে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবুও নির্ধারিত দামে তা বিক্রি হচ্ছে না। 

এদিন ঢাকার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কেজিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দরের তুলনায় যা ৩১ থেকে ৩৫ টাকা বেশি। আগের দিন (বৃহস্পতিবার , ৫ অক্টোবর) যা ছিল ৯০ থেকে ৯৫ টাকা। 

একইসঙ্গে ভারতীয় পেঁয়াজের মূল্যও ঊর্ধ্বমুখী হয়েছে। আমদানি করা এ পণ্যটি কেজিতে বিকোচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বছরের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১১৩ শতাংশ। আর আমদানি করা পেঁয়াজের দর বৃদ্ধি পেয়েছে ১১৪ শতাংশ। 

কারওয়ান বাজারের পেঁয়াজ-রসুন ব্যবসায়ী রবিউল আলম বলেন, সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার চড়া। কেজিতে এখন ৫ টাকার বেশি লাভ করতে পারি না আমরা। 

বেঁধে দেয়া পেঁয়াজের দাম কার্যকর করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও। শুক্রবার রংপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো