টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসায় মারা যান তিনি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
তপনের মৃত্যুর খবর জানিয়ে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
পরিবার সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে তারিকুজ্জামান তপনের। এর পর থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ফেসবুকে তারিকুজ্জামান তপনের শারীরিক অবস্থার কথা জানিয়ে সরকারি সহায়তা চান তার ছেলে তাছফিক। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, আজ সকালে বাসায় নিয়ে যাওয়া হয় তাকে।
দীর্ঘ কর্মজীবনে তারিকুজ্জামান তপন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। বিশেষ করে কৌতুক চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছিল। ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ অসংখ্য কালজয়ী নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার প্রয়াণে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।