চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের মাঝেরপাড়ায় বদর উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মৃত সামছদ্দিন মন্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে কামড়িয়ার বিল সংলগ্ন মুক্তার মেম্বারের পুকুরের পাশে নিজের জমিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তার বা সংশ্লিষ্ট কোনো বিরোধের জেরে তাঁর ওপর হামলা চালানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একটি ছোট ঘুপড়ি বা অস্থায়ী বসার ঘর ছিল, যেখানে বদর উদ্দিন প্রায়ই যাতায়াত ও অবস্থান করতেন।
ভোররাতে বদর উদ্দিনের ছেলে প্রথমে বাবাকে পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে মাথায় ধারালো অস্ত্রের ১০ থেকে ১২টির বেশি কোপের চিহ্ন দেখতে পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।