বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
জাতীয়

কৃষি সুরক্ষায় সৌর কোল্ড স্টোরেজ: বাংলাদেশে সম্ভাবনা যাচাইয়ে আন্তর্জাতিক গবেষণা আয়োজন

ফসল সংগ্রহের পর কৃষিপণ্যের অপচয় কমানো, ফল ও সবজির গুণগত মান বজায় রাখা এবং কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যে সৌরবিদ্যুৎচালিত আধুনিক কোল্ড স্টোরেজ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, কোল্ড স্টোরেজের পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা গড়ে তোলা গেলে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের বড় অংশ বাজারজাত করতে পারবেন। এতে কৃষিপণ্যের অপচয় কমার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “Feasibility Research of Solar Electric-Based Cold Storage Equipped with Low-temperature Latent Heat Material for Fruits and Vegetables in Bangladesh Climate Conditions” শীর্ষক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকায় কৃষি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব, উচ্চ তাপমাত্রা, পর্যাপ্ত কোল্ড স্টোরেজের অভাব এবং অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ফসল সংগ্রহের পর উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য নষ্ট হয়ে যায়। এসব সমস্যা মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও রিনিউয়েবল এনার্জিভিত্তিক সংরক্ষণব্যবস্থা সম্প্রসারণ করা প্রয়োজন।

রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত সোলার প্যানেলভিত্তিক কোল্ড স্টোরেজ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের আবহাওয়া, কৃষি উৎপাদনব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে। প্রকল্পটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের অন্যান্য কৃষিপ্রধান এলাকায় আরও নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব কোল্ড স্টোরেজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, এই গবেষণার ফলাফল ও পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে প্রি-কুলিং, কোল্ড স্টোরেজ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল টেম্পারেচার মনিটরিংকে একটি সমন্বিত কোল্ড চেইন সিস্টেমের আওতায় আনা যেতে পারে। এর মাধ্যমে কৃষিপণ্যের গুণগত মান সংরক্ষণ, স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কম কার্বন নিঃসরণকারী কৃষি অবকাঠামো উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

দক্ষিণ কোরিয়ার কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (KITECH)-এর নেতৃত্বে এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় এই আন্তর্জাতিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটিতে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং ক্লাইমেট টেকনোলজি সেন্টার অ্যান্ড নেটওয়ার্ক (CTCN)। স্থানীয় শিল্প অংশীদার হিসেবে যুক্ত রয়েছে প্যাসিফিক সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি লিমিটেড, বাংলাদেশ।

গবেষণা প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের জলবায়ু পরিস্থিতির উপযোগী একটি টেকসই, এনার্জি-এফিশিয়েন্ট এবং পরিবেশবান্ধব কোল্ড স্টোরেজ সিস্টেমের টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি মূল্যায়ন করা।

প্রকল্পের আওতায় সোলার প্যানেলের সঙ্গে থার্মাল এনার্জি স্টোরেজ (TES) এবং ল্যাটেন্ট হিট ম্যাটেরিয়াল (LHM) প্রযুক্তি সমন্বয় করা হয়েছে। এই প্রযুক্তিতে শীতল শক্তি সংরক্ষণ করা যায়, যা সূর্যালোক না থাকলে বা সোলার পাওয়ার জেনারেশন কমে গেলেও কোল্ড স্টোরেজের ভেতরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। এর ফলে বিদ্যুৎ সরবরাহের সীমাবদ্ধতা থাকা এলাকাতেও ফল ও সবজি সংরক্ষণের জন্য একটি কার্যকর বিকল্প ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে।

রাজশাহীতে স্থাপিত পরীক্ষামূলক কোল্ড স্টোরেজ সিস্টেমে পৃথক প্রি-কুলিং চেম্বার ও কোল্ড স্টোরেজ চেম্বার, সোলার পাওয়ার জেনারেশন, থার্মাল এনার্জি স্টোরেজ এবং টেম্পারেচার কন্ট্রোল প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের আওতায় সিস্টেমের অপারেশনাল পারফরম্যান্স, স্থানীয় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য, টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে প্রযুক্তিটি সম্প্রসারণের সম্ভাবনা মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রযুক্তি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)-এর বিজনেস রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার (BRCC)-এর রিসার্চ ডিরেক্টর ইনচার্জ ড. মুস্তাফা হাসান।

অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী এই গবেষণা উদ্যোগে সম্পৃক্ত ইউএনইপি, সিটিসিএন, কাইটেক, স্থানীয় শিল্প অংশীদার, গবেষক, বিশেষজ্ঞ ও কৃষকদের ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে এ ধরনের আরও উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের অন্যান্য কৃষিপ্রধান অঞ্চলে আধুনিক কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণে দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় প্রকল্প অংশীদার, এনজিও, কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযুক্তিগত সহযোগিতায় বাস্তবায়িত এই গবেষণা উদ্যোগ দেশের কৃষি খাতে রিনিউয়েবল এনার্জি, ক্লাইমেট-রেজিলিয়েন্ট টেকনোলজি এবং আধুনিক কোল্ড চেইন ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্পটির অভিজ্ঞতা ভবিষ্যতে কৃষিপণ্যের অপচয় কমানো, খাদ্যনিরাপত্তা জোরদার এবং টেকসই কৃষি অবকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ