স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ফরিদা খানম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে কর্মরত আছেন। ঢাকার বর্তমান জেলা প্রশাসকের দায়িত্বে তিনি স্থলাভিষিক্ত হবেন।
অপর আদেশে ঢাকার ডিসি রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ফরিদা খানম গোপালগঞ্জ সদর উপজেলার এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. মতিউর রহমান জাফরিন ছিলেন শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ এবং মা রিজিয়া বেগম গৃহিণী। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (১৯৯২) ও এইচএসসি (১৯৯৪) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ২০০৬ সালের ২১ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। চাকরি জীবনে রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে একাধিক উপজেলায় দায়িত্ব পালন করেন এবং ফেনীর দাগনভূঞা ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেছেন। মাঠ প্রশাসনে নীতি বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও তদারকির ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে।
এছাড়া প্রেষণে মহিলা বিষয়ক অধিদপ্তরে উপপরিচালক ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ ট্যারিফ কমিশনে উপপ্রধান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।