মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ - হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ৩টি উপজেলা ও ১টি নতুন থানা গঠনের সিদ্ধান্ত ১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd.
advertisement
জাতীয়

তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার

বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ

দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মানসম্মত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানী ও বড় শহরকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থার ওপর চাপ কমিয়ে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তৈরি করা হচ্ছে একটি সুদূরপ্রসারী মহাপরিকল্পনা। এর ফলে চিকিৎসার জন্য গ্রামীণ মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে এবং জেলা ও উপজেলা পর্যায়েই মিলবে আধুনিক চিকিৎসার সব সুযোগ-সুবিধা।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হাসপাতালে আইসিইউ সুবিধাসহ জরুরি বিভাগ, ইনডোর-আউটডোর সেবা এবং আধুনিক প্যাথলজি সুবিধা সার্বক্ষণিকভাবে চালু থাকবে। এছাড়া, গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্টের পদ সৃষ্টি করা হচ্ছে।

একই সঙ্গে জেলা হাসপাতালগুলোতেও আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ করা হবে, যাতে সাধারণ মানুষ জেলা পর্যায়েই ক্যান্সার ও কিডনি রোগের মতো জটিল ব্যাধির আধুনিক চিকিৎসা পেতে পারেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ গঠন এবং ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা (হেলথ স্ক্রিনিং) কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের জেনারেল প্র্যাকটিশনার (জিপি) মডেলের আদলে প্রতিটি ইউনিয়নে একটি এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে। প্রতিটি ইউনিটের অধীনে তিনটি করে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র (কমিউনিটি ক্লিনিক) থাকবে, যেখানে তিনজন করে প্রশিক্ষিত কমিউনিটি হেলথ ওয়ার্কার দায়িত্ব পালন করবেন।

"সবার জন্য স্বাস্থ্য" নীতির আলোকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ২৭ হাজার ৬০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। 

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে মোট ৬৯ হাজার ৩০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১.১ শতাংশ। গত ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৪ হাজার ৭১৯ কোটি টাকা। ফলে মাত্র এক বছরের ব্যবধানে স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে।

ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে একটি করে ইলেকট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড দেবে সরকার। এই কার্ডের মাধ্যমে দেশের যেকোনো হাসপাতালের চিকিৎসক রোগীর পূর্ববর্তী চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের সব তথ্য দেখতে পারবেন।

প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী—এই পাঁচ জেলায় ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণের জন্য ১৬২ কোটি টাকার একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানান, তৃণমূলের স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে শিগগিরই ৫ হাজার চিকিৎসক এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার অতিরিক্ত তথ্য দিয়ে জানান,

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে দুজন করে মিডওয়াইফ থাকবেন, যা নিরাপদ মাতৃত্ব ও স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

বিশেষায়িত শিশু হাসপাতাল: আগামী ৬ মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে ২০০ শয্যার পাঁচটি সর্বাধুনিক বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। এগুলো কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রিত ও আইসিইউ সুবিধাসম্পন্ন হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুশতাক হোসেন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "স্বাস্থ্যসেবায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অবকাঠামো আরও শক্তিশালী করতে হবে। ইউনিয়ন পর্যায়ে কার্যকর প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা গেলে দেশের সামগ্রিক স্বাস্থ্যখাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। একই সঙ্গে উপজেলা হাসপাতালগুলোকে কার্যকর সেকেন্ডারি হেলথ কেয়ার কেন্দ্রে রূপান্তর করা জরুরি।" সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ