সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হলো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগ দুইজন, চট্টগ্রাম বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন ও সিলেট বিভাগে একজনের প্রাণহানি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৪০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, খুলনা বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২৩ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২২, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।