ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক বিরোধ ও জমি লিখে না দেয়ায় আয়েশা বেগম নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। অভিযুক্ত জসিম তার দাদিকে জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। পাশাপাশি মাদকসেবনের জন্য টাকাও দাবি করত সে। বুধবার রাত ৯টার দিকে একই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দাদি আয়েশা বেগমকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে জসিম উদ্দিন।
ফুলপুর থানার ওসি মোঃ রাশেদুল হাসান বলেন, দাদিকে হত্যার পর স্থানীয় লোকজন তাকে আটক করার চেষ্টা করলেও অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে হেফাজতে নেয়।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।