নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর রিসিভ করেন না থানার অফিসিয়াল মোবাইল ফোন। একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সংবাদকর্মীরা। এ ছাড়া একই অভিযোগ উপজেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও এলাকার সাধারণ মানুষের। বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।
সিংগাইর প্রেসক্লাবের সভাপতি সোহরাব হোসেন এ প্রতিবেদককে জানান, সংবাদ সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্যের জন্য টানা ৩ দিন একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব সংবাদদাতা রকিবুল হাসান বিশ্বাস বলেন, পত্রিকায় সংবাদ সংশ্লিষ্ট ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ফোন দিয়েও তাকে পাইনি।
সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি এবং দৈনিক ফুলকি’র স্টাফ রিপোর্টার মাসুম বাদশাহ জানান, ওসি সাহেব অফিসিয়াল ফোন তো ধরেনই না, হোয়াটসঅ্যাপে ফোন দিলেও রিসিভ করেন না। সর্বশেষ বুধবার বিকেলেও একাধিকবার নক করে পাওয়া যায়নি।
সাংগঠনিক সম্পাদক ও দেশ রূপান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম তানভীর বলেন, বেশীরভাগ সময় ওসি সাহেব ফোন রিসিভ করেন না। মাঝে মধ্যে রিসিভ করলেও ব্যস্ততা বা মিটিংয়ের কথা বলে লাইন কেটে দেন। এতে আইনশৃঙ্খলা সংক্রান্ত সংবাদ প্রকাশে ব্যাঘাত ঘটে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানান, সরকারি কাজের জন্য আমার অফিসিয়াল নাম্বার থেকে ওসি সাহেবকে ফোন দিলে তিনি রিসিভ তো দূরের কথা,পরে কল ব্যাক করেন না। আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদে থাকা এ কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) নাজমূল হাসান বলেন, সরকারি ফোন না ধরার কোনো সুযোগ নেই। বিশেষ করে সংবাদকর্মীদের ক্ষেত্রে আমরা বেশী গুরুত্ব দিয়ে থাকি। এ ধরনের অসহযোগীতার বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।