ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাঙ্গের কান্দা এলাকায় র্যাবের একটি আভিযানিক দল বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে।
রবিবার(৯ ফেব্রুয়ারি) দিনগত রাত দুইটার দিকে হালুয়াঘাট উপজেলার মরাগাঙ্গের কান্দা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ওই এলাকায় ভারত থেকে চোরাই পথে আসা জিরা ও অন্যান্য পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। পরে র্যাবের একটি আভিযানিক দল হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে হাবিবুরসহ অন্যরা পালিয়ে যায়।
পরে অভিযানে হাবিবুরের বসতঘরের বিভিন্ন কক্ষ থেকে ৩,৭২০ কেজি ভারতীয় জিরা, ২১ হাজার ৫৯৮ পিস জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।