আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পাশাপাশি ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ওয়ানডে ও চার দিনের ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।
ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন ম্যাক্সওয়েল। তবে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ছিল সবচেয়ে বেশি আলোচিত। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি গড়ে তোলেন তিনি।
২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই অলরাউন্ডার। তবে তিনি টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার জন্য নিজেকে উপলব্ধ রেখেছিলেন। এ বছরের টি-২০ বিশ্বকাপেও ম্যাক্সওয়েল অজিদের হয়ে প্রতিনিধিত্ব করেন। তবে এবার তিনি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। অস্ট্রেলিয়ার হয়ে আর তাঁকে দেখা যাবে না।
অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ম্যাক্সওয়েল মোট ১৪৯টি ওয়ানডে, ১৩০টি টি-২০ এবং সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ওয়ান ডেতে ৩৯৯০ রান করেছেন তিনি, টি-২০তে রেকর্ড পাঁচটি শতরানসহ ২৮৯৭ রান রয়েছে তাঁর দখলে। দুই ফর্ম্যাটেই স্ট্রাইক রেট শতাধিক। এমনকী টেস্টেও ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি রয়েছে ম্যাক্সওয়েলের। দুরন্ত ফিল্ডার হওয়ার পাশাপাশি মোট ১৩৬টি আন্তর্জাতিক উইকেটও নিয়েছেন তিনি। জিতেছেন ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০১৫ ও ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ।
ম্যাক্সওয়েলের ইচ্ছা ছিল আর একটিবার দেশের হয়ে খেলা। দেশের জার্সিতে নিজের ঘরের মাঠ এমসিজিতে শেষ এক ম্যাচ খেলে অবসর নিতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল। সামনেই ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার সফর রয়েছে। সেখানে মেলবোর্নে একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচও আয়োজিত হবে। সেই ম্যাচে খেলার লক্ষ্যে আহত হাঁটু নিয়েও একবার মাঠে নামার জন্য আগ্রহী ছিলেন তারকা অলরাউন্ডার। তবে ওমানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচের পর থেকে তিনি আর সুযোগ পাননি। আসন্ন ওই সিরিজ়েও ম্য়াক্সওয়েল সুযোগ পাবেন না বুঝতে পেরেই সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
নিজের এই ইচ্ছাপূরণ না হলেও, নির্বাচকরা বিশেষ করে অলিম্পিক্সের কথা মাথায় রেখে দলে নতুনদের পরখ করে নিতে আগ্রহী বলে মনে করা ম্য়াক্সওয়েল, তাদের সিদ্ধান্ত বুঝতে পারছেন বলেই জানান। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ম্যাক্সওয়েল ফ্র্যাঞ্চাইজ় ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন এবং যাবেনও। তিনি আসন্ন বিগ ব্যাশ লিগেও কিন্তু খেলবেন। তবে অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর সফর শেষ হল।