বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

বিএসইসিতে বড় রদবদল

১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় পরিবর্তন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় ধরনের রদবদল ও পুনর্বিন্যাস করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিএসইসির প্রশাসন ও অর্থ ডিভিশন থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই নতুন দায়িত্ব বণ্টন করা হয়। নতুন এই বিন্যাসে কয়েকজন কর্মকর্তার দায়িত্ব কমানো হলেও কারও কারও দায়িত্ব পরিধি বাড়ানো হয়েছে।

বিএসইসিতে বর্তমানে নির্বাহী পরিচালকের ১২টি পদই পূর্ণ রয়েছে। এর আগে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে শীর্ষ পর্যায়ের কয়েকটি পদ শূন্য ছিল।

সাম্প্রতিক এই রদবদলে কোন কর্মকর্তা কোন দায়িত্ব পেলেন, তা নিচে তুলে ধরা হলো:

মো. আনোয়ারুল ইসলাম: এতদিন তিনি 'মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন' এবং 'মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের' দায়িত্বে ছিলেন। নতুন আদেশে তার কাছ থেকে প্রথমটি সরিয়ে শুধু 'মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের' দায়িত্ব রাখা হয়েছে।

শেখ মাহবুব উর রহমান: সম্প্রতি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তা নতুন করে পেয়েছেন 'মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের' দায়িত্ব। এর আগে দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে তিনি বিএসইসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. আবুল কালাম: তার দায়িত্ব উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। এতদিন তিনি 'ডেরিভেটিভস ডিভিশন' ও বিএসইসির মুখপাত্রের দায়িত্বে থাকলেও, নতুন আদেশে তার সঙ্গে যুক্ত হয়েছে 'করপোরেট ফাইন্যান্স ডিভিশন'। ফলে এখন তিনি তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম: এতদিন তিনি 'গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ডিভিশন' ও 'করপোরেট ফাইন্যান্স ডিভিশন' সামলালেও, করপোরেট ফাইন্যান্স থেকে তাকে অব্যাহতি দিয়ে এখন শুধু 'গবেষণা ও উন্নয়ন ডিভিশনের' দায়িত্ব দেওয়া হয়েছে।

মোহাম্মদ শফিউল আজম: 'ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন' এবং 'গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের (জিপিএমএস)' দায়িত্বে তিনি অপরিবর্তিত রয়েছেন।

মো. মাহবুবুর রহমান চৌধুরী: আইন ডিভিশনের (লিগ্যাল সার্ভিস) দায়িত্বেই বহাল থাকছেন তিনি।

কামরুল এনাম খান: আগের মতো 'চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশন' এবং 'অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন ডিভিশনের' দায়িত্ব পালন করবেন।

রিপন কুমার দেবনাথ: 'এনফোর্সমেন্ট ডিভিশনের' দায়িত্বে থাকছেন তিনি।

মীর মোশাররফ হোসেন চৌধুরী: দায়িত্ব পালন করবেন 'ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনে'।

মোহাম্মদ মাহমুদুল হক: বহাল থাকছেন 'ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনে'।

রাজীব আহমেদ: দায়িত্ব পালন করবেন 'আইসিটি ডিভিশনে'।

মো. মনসুর রহমান: আগের মতোই সামলাবেন 'প্রশাসন ও অর্থ ডিভিশনের' দায়িত্ব।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই রদবদলের ফলে বিএসইসির গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিভাগগুলোর কার্যক্রমে গতিশীলতা আসবে। বিশেষ করে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স, করপোরেট ফাইন্যান্স এবং মার্কেট ইন্টেলিজেন্স ডিভিশনে কাজের নতুন গতি দেখা যাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ