পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো-ডিভিডেন্ড’ বা কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে।
বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৪৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভা (AGM) এবং রেকর্ড ডেট সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠানের জন্য আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের দিন শেয়ারবাজারে কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। এছাড়া কোম্পানির ২৯তম এজিএম হাইব্রিড সিস্টেমে (ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে) অনুষ্ঠিত হবে, যার সময় ও স্থান পরবর্তীতে নোটিশের মাধ্যমে শেয়ারহোল্ডারদের জানানো হবে।
সমাপ্ত অর্থ বছরের (২০২৫) চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির সমন্বিত নিট লোকসান আগের বছরের তুলনায় আরও বেড়েছে। ২০২৫ সালে কোম্পানির সমন্বিত নিট লোকসান দাঁড়িয়েছে ৩৩৮.৮৩ কোটি টাকা, যা আগের বছর (২০২৪) ছিল ৩১৮.৭৯ কোটি টাকা। এককভাবে কোম্পানিটির লোকসান হয়েছে ৪৭২.৭০ কোটি টাকা।
সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ২২.৬৫ টাকা, যা ২০২৪ সালে ছিল ২১.৩৭ টাকা। এককভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১.৭১ টাকা।
একই সাথে লোকসান বৃদ্ধির কারণে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) আরও ঋণাত্মক রূপ নিয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক ১৪৮.০৫ টাকা, যা আগের বছর (২০২৪) শেষে ছিল ঋণাত্মক ১২৫.৫৫ টাকা।
এছাড়া ২০২৫ সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) দাঁড়িয়েছে ঋণাত্মক ১.২২ টাকা, যা আগের বছর ছিল ঋণাত্মক ১.২১ টাকা।