মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
নির্বাচিত কলাম

নতুন কোম্পানি আইন-২০২৬ এ 'চার্টার্ড সেক্রেটারীজ এ্যাক্ট, ২০১০'-এর অন্তর্ভুক্তি প্রয়োজন

বাংলাদেশের বিদ্যমান কোম্পানি আইন, ১৯৯৪ বর্তমান ব্যবসায়িক পরিবেশ, আন্তর্জাতিক বিনিয়োগ, করপোরেট গভর্ন্যান্স এবং আধুনিক নিয়ন্ত্রক ব্যবস্থার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে, কোম্পানি পরিচালনায় আইনগত পরিপালন, বোর্ডের জবাবদিহিতা, শেয়ারহোল্ডারদের অধিকার সংরক্ষণ, যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে সঠিক তথ্য দাখিল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১. বিদ্যমান কোম্পানি আইন ১৯৯৪ এ সমস্যা ও চ্যালেঞ্জ 
১.১ আইনগত সংজ্ঞার অস্পষ্টতা: কোম্পানি আইন ১৯৯৪-এর ধারা ২-এ 'কোম্পানি সচিব'-এর সুনির্দিষ্ট পেশাগত যোগ্যতা বা চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০-এর সাথে সংযোগ উল্লেখ নেই। ফলে BSEC, BB ও IDRA সিএস প্রফেশনকে আমলে নিয়ে সিএসদের কোম্পানি সচিব ও ইনন্ডিপেনডেন্ট ডিরেক্টর নিয়োগের ক্ষেত্রে রাখলেও তা কোম্পানির মূল অধিক্ষেত্রের বাইরে রয়ে যাচ্ছে। 

১.২ কমপ্লায়েন্সের ঝুঁকি: তালিকাভুক্ত কোম্পানির বাইরে বিশাল সংখ্যক বৃহৎ প্রাইভেট ও নন-লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানিতে পেশাদার সচিব না থাকায় রিটার্ন ফাইলিং ও আইন অনুসরণে মারাত্মক ভুল বা অনিয়ম ঘটছে। যার ফলে কোম্পানি কোর্টে প্রতিবছরই মামলার সংখ্যা বাড়ছে।

১.৩ অনিয়মিত রিটার্ন ফাইলিং: RJSC-তে দাখিলকৃত সংবিধিবদ্ধ বিবরণী (Statutory Returns) পেশাদার সত্যায়ন ব্যতীত জমা হওয়ায় রাজস্ব ফাঁকি ও আইনি জটিলতা তৈরি হচ্ছে। অন্যদিকে আরজেএসসি ৩ লক্ষাধিক কোম্পানি নিবন্ধিত থাকলেও প্রায় ২ লক্ষাধিক কোম্পানি কোন বাৎসরিক রির্টান দেয় না।

১.৪ আর্থিক অডিটের ওপর অতিরিক্ত নির্ভরতা: আর্থিক অডিট মূলত আর্থিক বিবরণীর সত্যতা যাচাই করে; কিন্তু কোম্পানির আইনি সুশাসন, বোর্ড মিটিং, শেয়ারহোল্ডারদের অধিকার এবং সংবিধিবদ্ধ কমপ্লায়েন্স সঠিকভাবে রক্ষিত হচ্ছে কি না তা পরিমাপের জন্য কোনো স্বতন্ত্র অডিট ব্যবস্থা কোম্পানি আইনে বিদ্যমান নেই।

একজন সিএ প্রফেশনাল যেমন ফিন্যান্সিয়াল অডিট ও ফিন্যান্সিয়াল সেক্টরে গুরুত্বপূর্ণ রোল-প্লে করে তেমনি  Chartered Secretary বা সিএস প্রফেশালগণ কোম্পানির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং সরকারের মধ্যে একটি পেশাগত সংযোগ হিসেবে কাজ করেন। কোম্পানি আইন, সিকিউরিটিজ আইন, করপোরেট গভর্ন্যান্স, বোর্ড ব্যবস্থাপনা, বিধিবদ্ধ নথিপত্র, Secretarial Audit এবং Regulatory Compliance বিষয়ে সিএসদের বিশেষায়িত জ্ঞান রয়েছে। এ ক্ষেত্রে Chartered Secretary পেশা কর্পোরেট অ্যাফেয়ার্স সেক্টরে বা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

২. কোম্পারি আইনের ঐতিহাসিক ও আইনগত পটভূমি;

উপমহাদেশে বাণিজ্য ও শিল্পায়নের প্রসারের সাথে সাথে একক মালিকানা বা অংশীদারি কারবারের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে যৌথ মূলধনী কোম্পানির আবির্ভাব ঘটে। এই বিবর্তনের ইতিহাস মূলত ব্রিটিশ আমল, ভারতীয় রূপান্তর, পাকিস্তানি আমল এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের আইন প্রণয়ন—এই চারটি ধাপে সম্পন্ন হয়েছে।

২.১ ব্রিটিশ আমল ও ভারতে কোম্পানি আইনের সূচনা

ব্রিটিশ শাসনামলে ইংল্যান্ডের আইনকে ভিত্তি করে এই উপমহাদেশে কোম্পানি আইনের সূচনা ঘটে। ১৮৫০ সালের জয়েন্ট স্টক কোম্পানি আইন (Joint Stock Companies Act, 1850): যুক্তরাজ্যের ১৮৪৪ সালের 'English Joint Stock Companies Act'-এর আদলে ভারতীয় উপমহাদেশে প্রথম ১৮৫০ সালে কোম্পানি আইন প্রণয়ন করা হয়। এর মাধ্যমে উপমহাদেশে নিবন্ধিত কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এতে শেয়ারহোল্ডারদের "সীমাবদ্ধ দায়" (Limited Liability)-এর বিধান ছিল না।

১৮৫৭ সালের আইন: এই আইনের মাধ্যমে প্রথমবারের মতো নিবন্ধিত কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় সীমাবদ্ধ করার (Limited Liability) সুযোগ দেওয়া হয়।

১৮৬৬ এবং ১৮৮২ সালের সংশোধন: কোম্পানি সংগঠন, নিবন্ধন, পরিচালনা ও গুটিয়ে ফেলা (Winding up) সংক্রান্ত বিধান স্পষ্ট করে ১৮৬৬ সালে আইন পুনর্গঠন করা হয়, যা পরবর্তীতে ১৮৮২ সালে আরও আধুনিকায়ন করা হয়।

১৯১৩ সালের ভারতীয় কোম্পানি আইন (Indian Companies Act, 1913): যুক্তরাজ্যের ১৯০৮ সালের আইন অনুসরণ করে ১৯১৩ সালের ভারতীয় কোম্পানি আইন পাস করা হয়। এই আইনটি উপমহাদেশের করপোরেট ইতিহাসে একটি প্রধান মাইলফলক ছিল। পরবর্তীতে ১৯৩৬ সালে এতে বড় ধরনের পরিবর্তন এনে পরিচালকদের ক্ষমতা, প্রস্পেক্টাস বা বিবরণপত্র প্রকাশ এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার বিধান আরও কঠোর করা হয়।

২.২ পাকিস্তানি আমল (১৯৪৭ – ১৯৭১)

১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান গঠিত হলে কোম্পানি আইনে তাৎক্ষণিক বড় কোনো পরিবর্তন আনা হয়নি।

১৯১৩ সালের আইনের ধারাবাহিকতা (Adaptation): পাকিস্তানে পৃথক কোনো নতুন সর্বাঙ্গীন কোম্পানি আইন তৈরি করা হয়নি; বরং ব্রিটিশ আমলে তৈরি ১৯১৩ সালের কোম্পানি আইনকেই ('The Companies Act, 1913') গ্রহণ ও কার্যকর রাখা হয়।
সীমিত সংশোধন: পাকিস্তানি আমলে ১৯১৩ সালের আইনের অধীনেই ব্যবসা-বাণিজ্য পরিচালিত হতো। সময় সময় এতে কিছু নীতিগত পরিবর্তন আনা হলেও কাঠামোগত কোনো বড় আইনগত সংস্কার করা হয়নি।

২.৩ বাংলাদেশে কোম্পানি আইনের প্রসার ও বিবর্তন

১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের পর করপোরেট আইনের বিবর্তন দুটি প্রধান ধাপে সম্পন্ন হয়:

ক. দ্য বাংলাদেশ (অ্যাডাপ্টেশন অব এক্সিস্টিং লজ) অর্ডার, ১৯৭২

স্বাধীনতা অর্জনের পর প্রশাসনিক ও বাণিজ্যিক ধারাবাহিকতা বজায় রাখতে ১৯৭২ সালের আদেশ অনুযায়ী তৎকালীন প্রচলিত ১৯১৩ সালের আইনটিকে 'কোম্পানি আইন, ১৯১৩' নামে বাংলাদেশে বহাল রাখা হয়।

খ. কোম্পানি আইন, ১৯৯৪ (The Companies Act, 1994)

১৯১৩ সালের আইনটি প্রায় আট দশক পুরনো হওয়ায় আধুনিক বিশ্বায়ন ও ব্যবসায়ের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ফলে দীর্ঘ পর্যালোচনা ও সংস্কারের পর তৎকালিন বিএনপি সরকার ১৯৯৪ সালের ১২ সেপ্টেম্বর পুরনো ১৯১৩ সালের আইন বাতিল করে "কোম্পানি আইন, ১৯৯৪" প্রণয়ন করে (যা ১ জানুয়ারি ১৯৯৫ থেকে কার্যকর হয়)।

৩. কোম্পানি সেক্রেটারি নিয়োগ বাধ্যতামূলক করা প্রয়োজন;
বাংলাদেশের কর্পোরেট সেক্টরে সুশাসন (Corporate Governance), স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে কোম্পানি আইন, ১৯৯৪ (বা প্রস্তাবিত/নতুন কোম্পানি আইন) এবং চার্টার্ড সেক্রেটারি আইন, ২০১০ (Chartered Secretaries Act, 2010)-এর মধ্যে একটি নিবিড় ও অপরিহার্য আইনি সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।

নতুন কোম্পানি আইনে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ICSB)-এর অধিভুক্ত চার্টার্ড সেক্রেটারি (CS) পেশাকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার প্রধান প্রয়োজনীয়তা ও যৌক্তিকতাগুলো নিচে তুলে ধরা হলো:

৩.১ আইনি অসঙ্গতি ও দ্বৈততা দূরীকরণ (Harmonization of Laws)

বর্তমান অবস্থা: কোম্পানি আইন, ১৯৯৪-এর ধারা ২(১)(q)-তে 'সেক্রেটারি'-র যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা অত্যন্ত সেকেলে এবং সেখানে কোনো পেশাগত যোগ্যতার (Professional Qualification) বাধ্যবাধকতা রাখা হয়নি। অথচ, ২০১০ সালে সংসদে পাসকৃত চার্টার্ড সেক্রেটারি আইন, ২০১০ অনুযায়ী শুধুমাত্র ICSB-এর সদস্যরাই 'চার্টার্ড সেক্রেটারি' বা 'কোম্পানি সেক্রেটারি' হিসেবে পেশাগত দায়িত্ব পালনের আইনগত অধিকার রাখেন।

যৌক্তিকতা: নতুন কোম্পানি আইনে 'সেক্রেটারি'-র সংজ্ঞা সংশোধন করে চার্টার্ড সেক্রেটারি আইন, ২০১০-এর অধীনে সনদপ্রাপ্ত চার্টার্ড সেক্রেটারিদের অন্তর্ভুক্ত করা হলে দুই আইনের মধ্যকার অসঙ্গতি দূর হবে এবং আইনি স্পষ্টতা তৈরি হবে।

৩.২ কর্পোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিতকরণ (Corporate Governance & Compliance)
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSEC (Bangladesh Securities and Exchange Commission)-এর কর্পোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিগুলোতে চার্টার্ড সেক্রেটারি নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।

কিন্তু বৃহৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক আনলিস্টেড কোম্পানি এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কোম্পানি আইনে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় অনেক প্রতিষ্ঠান অদক্ষ ব্যক্তিদের দিয়ে সেক্রেটারিয়াল কাজ পরিচালনা করে। নতুন আইনে নির্দিষ্ট মূলধন বা টার্নওভারের ওপর ভিত্তি করে চার্টার্ড সেক্রেটারি নিয়োগ বাধ্যতামূলক করা হলে কর্পোরেট খাতে সুশাসন প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

৩.৩ বোর্ড ও শেয়ারহোল্ডারদের মধ্যে সেতুবন্ধন ও নীতিনির্ধারণী সহায়তা
কোম্পানি পরিচালনা পর্ষদ (Board of Directors) এবং শেয়ারহোল্ডারদের অধিকার সুরক্ষায় কোম্পানি সেক্রেটারি 'কর্পোরেট কনসায়েন্স' (Corporate Conscience) বা প্রতিষ্ঠানের বিবেক হিসেবে কাজ করেন।
নতুন কোম্পানি আইনে 'কী ম্যানেজেরিয়াল পার্সোনেল' (Key Managerial Personnel - KMP) হিসেবে চার্টার্ড সেক্রেটারিকে সংজ্ঞায়িত করা হলে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আইনি ও নৈতিক স্বচ্ছতা নিশ্চিত হবে।

৪. সেক্রেটারিয়াল অডিটও বাধ্যতামূলক হওয়া প্রয়োজন
বাংলাদেশে কর্পোরেট সুশাসন (Corporate Governance) এবং আইনি কমপ্লায়েন্স নিশ্চিত করার ক্ষেত্রে সেক্রেটারিয়াল অডিট (Secretarial Audit) বা বার্ষিক কমপ্লায়েন্স অডিট প্রবর্তন একটি অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক পদক্ষেপ।

বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর (যেমন—ভারত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি) আদলে বাংলাদেশের কোম্পানি আইন, ১৯৯৪ সংশোধন করে কীভাবে এবং কোন পেশাজীবীদের মাধ্যমে এটি অন্তর্ভুক্ত করা যেতে পারে, তার একটি কাঠামোগত রূপরেখা নিচে তুলে ধরা হলো:

৪.১ সেক্রেটারিয়াল অডিট পরিচালনার জন্য যৌক্তিক ও যোগ্য পেশা
আন্তর্জাতিক মানদণ্ড এবং বাংলাদেশের প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী, সেক্রেটারিয়াল অডিট করার জন্য সবচেয়ে যৌক্তিক ও একমাত্র বিশেষায়িত পেশা হলো চার্টার্ড সেক্রেটারি ইন প্র্যাকটিস (Chartered Secretary in Practice - CSP)।

আইনি ভিত্তি: বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ অনুযায়ী ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ICSB) একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই আইনের অধীনে সনদপ্রাপ্ত প্র্যাকটিসিং চার্টার্ড সেক্রেটারিরাই (CSP) কর্পোরেট আইন, সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড এবং কমপ্লায়েন্স বিষয়ে বিশেষজ্ঞ।

পার্থক্য ও বিশেষায়িত দক্ষতা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা (CA) যেমন কোম্পানির আর্থিক বিবরণী ও হিসাবরক্ষণ (Financial Audit) নিরীক্ষা করেন, তেমনি চার্টার্ড সেক্রেটারিরা কোম্পানির নন-ফাইন্যান্সিয়াল বা আইনি ও প্রশাসনিক কমপ্লায়েন্স (যেমন—বোর্ড সভা, এজিএম, রেজিস্টার সংরক্ষণ, আরজেএসসি ও বিএসইসি রিটার্ন দাখিল, এবং অন্যান্য প্রযোজ্য আইন পরিপালন) নিরীক্ষা করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত।

ভারতের উদাহরণ (Benchmark): ভারতের Companies Act, 2013 (Section 204) অনুযায়ী, নির্দিষ্ট সীমার ওপরের কোম্পানিগুলোর জন্য Practicing Company Secretary (PCS) কর্তৃক সেক্রেটারিয়াল অডিট বাধ্যতামূলক করা হয়েছে এবং অডিট রিপোর্ট (Form MR-3) বোর্ড রিপোর্টের সাথে সংযুক্ত করতে হয়। বাংলাদেশেও একই মডেলে ICSB-এর প্র্যাকটিসিং সদস্যদের মাধ্যমে এটি বাস্তবায়ন করা সবচেয়ে যুক্তিসঙ্গত।

৪.২ কোম্পানি আইন, ১৯৯৪-এ সংযুক্ত করার সম্ভাব্য রূপরেখা
বর্তমান কোম্পানি আইন, ১৯৯৪-এ একটি নতুন ধারা (যেমন—আর্থিক নিরীক্ষা সংক্রান্ত ধারা ২১০-২১৩ এর পাশাপাশি নতুন ধারা ২১৩ক বা স্বতন্ত্র একটি ধারা) সংযোজন করে বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে।

লেখক: সম্পাদক, কর্পোরেট সংবাদ।

৩ পর্বের প্রথম পর্ব দেখলেন আজ। ২য় এবং তয় পর্ব থাকবে একদিন পর পর। (চলবে-------)

▐ সর্বশেষ পাওয়া সংবাদ