বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজনীতি

হাসনাতের সফর ঘিরে সাবেক মেয়র মনজুরের বাসায় উত্তাপ, নির্বাচন নিয়ে জোর গুঞ্জন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।  সফরের সময় বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে নানা প্রশ্ন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
 
ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক মেয়র মনজুর আলম। মেয়র নির্বাচনে তাকে এনসিপির পক্ষ থেকে প্রার্থী করা হতে পারে—এমন গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ অনেক কিছুই বলছে। কিন্তু আমি কাউকে বলিনি যে নির্বাচন করব।”
 
তিনি জানান, এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তার কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। মনজুর আলম বলেন, চট্টগ্রামে একটি কর্মসূচিতে অংশ নিতে এসে হাসনাত আব্দুল্লাহ দুপুরে তাকে ফোন দেন এবং বাসায় আসার আগ্রহ জানান। পরে তাকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়। বিকেল ৩টার দিকে তিনি বাসায় আসেন এবং কিছু সময় অবস্থান করেন।
 
তিনি আরও বলেন, পরে স্থানীয় কিছু যুবক বাসার সামনে জড়ো হন। তখন হাসনাত আব্দুল্লাহ নিজেই বাইরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এরপর সন্ধ্যার দিকে তিনি সেখান থেকে চলে যান।
 
এ সময় জড়ো হওয়া কয়েকজনকে মনজুর আলমকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে মন্তব্য করতে শোনা যায়। এ বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার নামে কোনো মামলা নেই। আমি আওয়ামী লীগও করি না। তাহলে আওয়ামী লীগের লোক হলাম কীভাবে?”
 
তিনি দাবি করেন, তিনি বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে তার কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না।
 
মনজুর আলম জানান, ২০১৫ সালের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সময় দিচ্ছেন।
 
উল্লেখ্য, ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন মনজুর আলম। ২০১৫ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।
 
এদিকে, মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার দাবি করেন, মনজুর আলম এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
 
তার ভাষ্য, বিএনপির অভ্যন্তরীণ বিভক্তির মধ্যেই নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, আর সেই কারণেই এই সফর নিয়ে এত আলোচনা।

এই সম্পর্কিত আরো