বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয়

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসে পড়েছে। তাই এ ব্যাপারে আমাদের কোনো প্রস্তুতি ছিলো না। এতোগুলো শিশু মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত।
 
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক প্রশিক্ষণ সেমিনারে তিনি এ কথা বলেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে রোববার (৫ এপ্রিল) থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।  ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে।
 
তিনি বলেন, ‘হামের টিকা সংগ্রহ করার প্রস্তুতি চলছে। টিকা হাতে পেতে ১ মাস সময় লাগবে।’
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আরো বলেন, একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে আমাদের অনেক শিশু মারা গেছে। আমি খুব ব্যথিত হয়েছি। আমরা আর চাই না, এমন ঘটনা ঘটুক।
 
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহ বিপদ দেন এবং সহযোগিতাও করেন। আপনাদের এই পেশাটাতে যদি অবহেলা থাকে? আপনারা অন্ধকার ঘরে একবার চিন্তা করেন, আপনারা কারা? তাহলে আর অবহেলা করবেন না। আর আমাদের ডাক্তাররা অবহেলা করেনও না। ডাক্তার যা বলেন রোগী তা-ই করেন।
 
তিনি আরো বলেন, আপনাদের প্রতি অনুরোধ করোনাকালীন সময়ে আপনারা সেবা দিয়েছেন এবং রোগীদের পাশে ছিলেন। আপনাদের অবদান সবাই স্মরণ করবে এবং এই অবদান ভুলবার নয়।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের অনেক সংকট তা আমরা অবগত হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, অতি দ্রুত সময়ে আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু তার আগে দেশের এই সংকটময় মুহূর্তে আপনাদের সহযোগিতা চাইছি।
 
তিনি আরো বলেন, ঢাকা, রাজশাহীসহ হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এরইমধ্যে কয়েকটি হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে হামের চিকিৎসায়। রাজশাহী এবং মানিকগঞ্জ ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসক, নার্স প্রস্তুত রয়েছে।
 
তিনি বলেন, ২০১৮ সালের পর থেকে হামের টিকা দেওয়ার বিষয়ে দেশে কোনো ক্যাম্পেইন হয়নি। টিকা সংগ্রহের জন্য এরই মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিসেফের মাধ্যমে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে।
 
এসময় পোর্টারদের বেতন, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্যকর্মীদের দাবির বিষয়ে দ্রুততম সময়ে বসে সমাধান করা হবে বলে জানান তিনি।
 

এই সম্পর্কিত আরো