আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) টিকিট বিক্রির তৃতীয় দিন পাওয়া যাচ্ছে আগামী ২৫ মার্চের ট্রেনের আসনের টিকিট
আজ সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় ঈদযাত্রার বিশেষ টিকিট বিক্রির বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ মার্চ পাওয়া যাবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি করা হবে ২৯ মার্চের টিকিট। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ফিরতি টিকিট বিক্রির সময়সূচি পরবর্তীতে ঘোষণা করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু কঠোর নিয়মও আরোপ করা হয়েছে। একজন যাত্রী তার এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ একবার এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম কেনা এই টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না। যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন না, তাদের জন্য যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।