ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।
ত্রাণমন্ত্রী বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প হলে এখানে উদ্ধারকাজ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেন দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়। যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা যেন তাৎক্ষণিক সাড়া দিতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, ভূমিকম্পের পর প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য শহরের খেলার মাঠ এবং স্কুলগুলো চিহ্নিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভূমিকম্পের সময় এবং পরবর্তী করণীয় নিয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
স্বেচ্ছাসেবক কি শুধু ঢাকার জন্য থাকবে—এমন প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, এটা ঢাকা শহরে এক লাখ। যেভাবে ভলান্টিয়ার কোস্টাল এরিয়ার মধ্যে আছে, ঠিক একই মডেলে আমরা ঢাকায় করবো—সেটা নিয়ে আমরা কাজ করছি।
আসাদুল হাবিব দুলু বলেন, কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই সামগ্রিক পরিকল্পনা নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
ভূমিকম্প হলে উদ্ধার সক্ষমতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই ক্যাপাবিলিটি বিল্ড-আপের জন্যই আলোচনাগুলো হচ্ছে। এখন পর্যন্ত আমাদের যেগুলো ইকুইপমেন্ট (সরঞ্জাম) আমরা প্রকিউরমেন্ট (সংগ্রহ) করেছি, এগুলো আর্মড ফোর্সেস ডিভিশনে আমরা দিয়েছি, কিছু ফায়ার সার্ভিসকে দিয়েছি।
এছাড়া, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে প্রধানমন্ত্রীকে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।
বিগত কয়েক মাসে দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে ভূমিকম্প প্রবণতা। সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে ১০টি ভূমিকম্প আঘাত হেনেছে দেশের বিভিন্ন প্রান্তে। এ অবস্থায় ভূমিকম্পের ভয়াবহতা মোকাবিলায় ঢাকা মহানগরীতে স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।