পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ দুঃখজনক, এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বাংলাদেশ। তিনি বলেন, এ ধরনের সংঘাত কোনো অঞ্চলের জন্যই মঙ্গলজনক নয় এবং বাংলাদেশ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে কোনোকিছু বলছি না। আমরা আমাদের মতো করে বন্ধুদের বাঁচানোর চেষ্টা করছি। এ ধরনের যুদ্ধ কারও জন্য মঙ্গলকর নয়।’
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রায় ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হচ্ছে বাংলাদেশ। সৌদি আরব সফরকালে ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়েছে। ওআইসিভুক্ত দেশগুলো এ প্রার্থিতায় সমর্থন জানাবে বলে আশ্বাস দিয়েছে।
সফরকালে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।
ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ড. খলিলুর রহমান বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এ নীতিগত অবস্থান বজায় রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হবে না।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈদেশিক সফর কোন দেশে হবে তা এখনো চূড়ান্ত হয়নি।