স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০০ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পদায়ন হয়েছে। বাহিনীতে এভাবে নিয়োগ হয় না। এর ফলে যথাযথ জায়গায় যোগ্য জনবল নিয়োগ দেয়া যায়নি। এ সময় ২ হাজার ৭০০ কনস্টেবল পোস্ট ফাঁকা আছে উল্লেখ করে জরুরি ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করবো। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা আমরা সেটা খতিয়ে দেখবো।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করি এটা দ্রুততার সঙ্গে করতে পারব। লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কিনা সেটা যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার জানা মতে ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার করা হবে।
তিনি আরো বলেন, কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক হোক কিংবা সামাজিক, কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না। পুলিশের কার্যক্রমও দেখা হবে যেন জনভোগান্তি না হয়।
প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা আমরা মুখে বলি। তবে বাস্তবে সেই বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে আমরা কাজ শুরু করেছি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে নানা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশি ব্যবস্থা ছাড়া সমাজ টিকবে? অতএব আমরা পুলিশকে সংস্কার করতে চাই এবং তাদের মনোবল বৃদ্ধির মাধ্যমেই সেই সংস্কার সম্ভব। আমরা সেই কাজটাই করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সময়ে শুধু পুলিশ নয়, এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড়াতে হচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তীসময়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। সেই মোটিভেশনাল ওয়ার্কটা আমরা করছি।
মব ভায়োলেন্স সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি প্রথম দিনই বলেছি, বাংলাদেশে মব কালচার শেষ। যদি কোথাও এমন ঘটনা ঘটে, তবে আমাদের রিঅ্যাকশন হবে অত্যন্ত কঠোর। মব সৃষ্টির মাধ্যমে সড়ক অবরোধ করে দাবি আদায়ের জমানা শেষ। পরীক্ষা দেব না বা কালকেই রেজাল্ট চাই–এমন দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাওয়া চলবে না।’
৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোতে অনেক বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীকে আসামি করার বিষয়ে মন্ত্রী বলেন, ‘কিছু সুবিধাবাদী মানুষ নির্দোষ ব্যক্তিদের হয়রানি করছে। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি এই মামলাগুলো গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। কোনো নিরপরাধ মানুষ যেন আইনের শাসনের নামে হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করা হবে।’
পাসপোর্ট অফিসের ভোগান্তি কমাতে সাব-রেজিস্ট্রি অফিসের আদলে ‘এনলিস্টেড সহায়তাকারী’ নিয়োগের পরিকল্পনা আছে জানিয়ে মন্ত্রী বলেন, অনলাইনে অভ্যস্ত নন এমন সাধারণ মানুষকে সেবা দিতে একটি নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে নিবন্ধিত প্রতিনিধিরা কাজ করবেন। এতে একদিকে কর্মসংস্থান হবে, অন্যদিকে দালালদের দৌরাত্ম্য কমবে। এ ছাড়া পুলিশে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দেন, বিডিআর বিদ্রোহ নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে এবং কমিশনের রিপোর্ট অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি ২০০৬ সালে নিয়োগ বঞ্চিত সাব-ইন্সপেক্টরদের আদালতের রায় অনুযায়ী পুনরায় নিয়োগ দেয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।