সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে দেশবাসীর উদ্দেশে তার প্রথম আনুষ্ঠানিক বার্তা, যেখানে তিনি নতুন সরকারের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে আজ সকাল ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।
এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান।
পরে বেলা ১২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং পরে তার মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা মোনাজাতে অংশ নেন।