শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে বাবা-মায়ের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে তার মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। পরে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা মোনাজাতে অংশ নেন।
এর আগে, সকাল ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।
এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান।
সূচি অনুযায়ী, শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করবেন তিনি। সেখানে ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি তার প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করবেন।
দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটিই হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। এরপর বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথবাক্য পাঠ করান।