সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য নতুন মন্ত্রিসভায় যোগদানের জন্য ডাক পেয়েছেন। তারা সম্পর্কে মামা ও ভাগ্নে হওয়ায় বিষয়টি জেলায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের ফোন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ডাক পাওয়া দুই সংসদ সদস্য হলেন- সিরাজগঞ্জ–২ আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে সিরাজগঞ্জ–৬ আসনের সংসদ সদস্য এম এ মুহিত।
ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত সহকারী মোস্তফা আলাল নোমান ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টুকু এর আগে খালেদা জিয়া সরকারের সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে তিনি ওই দায়িত্বে ছিলেন। এবারসহ তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
অপরদিকে এম এ মুহিত প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ–৬ আসন থেকে। তিনি সাবেক উপপ্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী, চক্ষু বিশেষজ্ঞ এম এ মতিন–এর ছেলে। এম এ মতিন হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সময়ে মন্ত্রিসভার দায়িত্ব পালন করেন।
দলীয় একাধিক সূত্রে জানা গেছে, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। একই সঙ্গে এম এ মুহিত টেলিযোগাযোগ অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা মঙ্গলবার সকালে সংসদে শপথ নিয়েছেন। বিকেলে নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সিরাজগঞ্জ জেলা থেকে একাধিক ব্যক্তি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেও মামা ও ভাগ্নের একসঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবারই প্রথম। খবরটি ছড়িয়ে পড়ার পর জেলায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়ের প্রবণতা দেখা গেছে।