বঙ্গভবনে নয় এবার মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রেওয়াজ ভেঙে বঙ্গভবনের দরবার হল থেকে উন্মুক্ত স্থানে শপথ অনুষ্ঠান হবে।
বিকেল ৪টায় সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
একই দিন সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
শনিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, সকালে সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন সরকারের শপথের আয়োজন করা হচ্ছে দক্ষিণ প্লাজায়।
শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভার শপথ আয়োজনে অংশ নেবেন প্রায় এক হাজার অতিথি। শপথ নিতে ডাক পাওয়াদের জন্য গাড়ি প্রস্তুতসহ চলছে সার্বিক প্রস্তুতি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। দুটি আসনের ফলাফল স্থগিত করা হয়। ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। আর ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন। ১১ দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন।
এছাড়া একটি করে আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।