ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের নামে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ গেজেট প্রকাশ করা হয়।
২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও গেজেট হয়েছে ২৯৭ আসনের। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে দেয়া হবে। এ ছাড়া জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে।
গেজেটে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫)-এর ৩৯ নং অনুচ্ছেদের দফা (৪) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় আসনভিত্তিক নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করেছে।
নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের তালিকা চূড়ান্তভাবে নথিবদ্ধ হলো।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।
দলভিত্তিক হিসেবে—বিএনপি ২০৯টি আসনে, জামায়াত ৬৮টি আসনে, এনসিপি ৬টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে; ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন ১টি করে আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছে।
উল্লেখ্য, দুইটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আসন দুটি হলো—চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪। এছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়।