মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
জাতীয়

বদলে যাচ্ছে র‌্যাবের নাম

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।  নতুন নাম 'স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ থেকে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (SIF) র‍্যাবের নতুন নাম। প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। আদেশ জারির পর এ নামে কার্যক্রম নতুনভাবে শুরু। পোশাকও পরিবর্তন হচ্ছে। হয়তো পরবর্তী সপ্তাহেই নতুন পোশাকে দেখা যাবে।

তিনি বলেন, দেড় বছরে র‍্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে। অনেকে আশাবাদী ছিলেন র‌্যাবের নাম পরিবর্তন করা হবে, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, টিআইবি তাদের কনসার্ন জানিয়েছে। এখন পুলিশের মনোবল, কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। সুতরাং নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না।

তিনি বলেন, আল্লাহ চাইলে খুব ভালোভাবে নির্বাচন হবে, এ ক্ষেত্রে কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর হবে।

উল্লেখ্য, র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। ২০০৪ সালে খালেদা জিয়ার সরকারের আমলে র‍্যাব গঠিত হয়।

দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ (সংশোধনী ২০০৪) অনুসারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‍‍্যাব গঠিত হয়। র‍‍্যাবের সদর দফতর ঢাকার উত্তরায় অবস্থিত।

এই সম্পর্কিত আরো