কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ওই বাসায় অবস্থান করছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।
পুলিশ জানিয়েছে, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তী সময়ে টানা ১০ বছর এই দায়িত্ব পালন করেন তিনি।