সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
জাতীয়

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি-এপিসি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলছে নজরদারি। এছাড়া যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবি সদরদপ্তরের মিডিয়া বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েনকৃত সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদরদপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণেও বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের যেকোনও প্রয়োজনে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব বিজিবি নিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর।

এর আগে, গতকাল রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

এছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।

একইসঙ্গে জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ