সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
জাতীয়

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ ও সুস্থ পরিবেশ।

সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে স্পর্শ করে। ৩০-৪০ বছর আগের তুলনায় বর্তমান সময়ে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানাবিধ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

ময়লা-আবর্জনা সঠিক উপায়ে ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই হেঁটে অথবা বাসে যাতায়াত করেন। বিভিন্ন জায়গায় আবর্জনা জমে থাকায় এবং দুর্গন্ধ ছড়ানোর কারণে এসব সাধারণ মানুষের চলাচলে চরম কষ্ট হয়। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই এবং যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে তা জমা করে সঠিক উপায়ে ধ্বংস করি, তবেই পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব।

নিজের ঘরের পরিচ্ছন্নতার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, একটু চিন্তা করে দেখুন—যে ঘর বা বাসায় আপনি থাকেন, তার চারপাশে যদি এমন আবর্জনা ছড়িয়ে থাকত, তবে কি আপনার দেখতে ভালো লাগত? নিশ্চয়ই না। কবি তো সুন্দরভাবেই লিখেছেন—'সবুজ, শস্য-শ্যামলা আমার ভুবন'। তবে আমরা কেন আমাদের চারপাশটা সুন্দর রাখতে পারব না?

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি পুকুরের ভেতর কিংবা পাড়ে বিভিন্ন পলিথিন ও ময়লার স্তূপ পড়ে আছে। অথচ একসময়ে এসব স্থানে মানুষ পরিবার-পরিজন নিয়ে বসে সময় কাটাত।

তিনি আক্ষেপ করে বলেন, আমরা হয়তো পরিদর্শনের সময় পরিচ্ছন্নকর্মীদের দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি, কিন্তু যাওয়ার পর তা আবার আগের মতো নোংরা হয়ে যাচ্ছে। অথচ আমরা যদি দায়িত্বশীল হই, তবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ রেখে যাওয়া সম্ভব।

সচেতনতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি আজ থেকেই প্রত্যেকে সচেতন হই এবং হাতের ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে গুছিয়ে ফেলি, তবে ধীরে ধীরে আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনামুক্ত ও সুন্দর একটি পরিবেশ হিসেবে গড়ে তুলতে পারব।

দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের কাছে আজকে এই সহযোগিতা আমি চাইছি।"

সর্বশেষ পাওয়া সংবাদ