প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হবে বলে জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, আপাতত ঢাকায় ২টি, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় ৫টি ভিসা সেন্টার থেকে টুরিস্ট ভিসা দেয়া হবে। ধীরে ধীরে সব সেন্টারগুলো চালু করা হবে। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা স্বাভাবিক করা হবে।
মেডিকেল ভিসা প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল ভিসার প্রক্রিয়া চলমান রয়েছে। এর পরিধি আরও বাড়ানো হবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে আমরা মেডিকেল ভিসার সুবিধা অব্যাহত রাখব।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করার পর ভারতীয় ভিসা সেন্টারে এসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী। গত ১২ জুন দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন।
ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ দীনেশ ত্রিবেদীর জন্ম ১৯৫০ সালে নয়াদিল্লিতে। গুজরাটি বংশোদ্ভূত হলেও তার বেড়ে ওঠা কলকাতায়। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে রয়েছে তার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে সক্রিয় থাকার পর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার রাজ্যসভা ও লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে তার নিয়োগের ঘোষণা দেয় নয়াদিল্লি। তিনি প্রণয় কুমার ভার্মারের স্থলাভিষিক্ত হলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত। তবে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও বাণিজ্য ভিসা চালু রয়েছে।