কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ চেষ্টাও ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিকালে মুন্সীর পক্ষে ছিলেন-অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন-অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
এর আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
ইসির ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সী হাইকোর্টে রিট করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট তার রিট সরাসরি খারিজ করে দেন। পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করলেও সেখানেও আবেদন নামঞ্জুর হওয়ায় তার প্রার্থিতা ফেরত পাওয়ার পথ বন্ধ হয়ে যায়।