বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু
advertisement
আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধ : যশোরের ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে যশোরের আমজাদ হোসেন মোল্লাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন- মো. ওহাব মোল্লা, মো. মাহতাব বিশ্বাস ও মো. ফসিয়ার রহমান মোল্লা।

রায় ঘোষণার সময় মো. আমজাদ হোসেন মোল্লা কাঠগড়ায় বসা ছিলেন। এই মামলায় পলাতক চারজনের মধ্যে নওশের বিশ্বাস মারা গেছে।

এদিন সকাল ১০টা ৩৫ মিনিটে রায় পড়া শুরু হয়। ১৬৯ পৃষ্ঠার রায়ের প্রথমাংশ পাঠ করেন বিচারপতি কে এম হাফিজুল আলম। দুই-তৃতীয়াংশ পাঠ করেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার। রায়ের মূল অংশ পাঠ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। রায় ঘোষণাকালে এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি মো. আমজাদ হোসেন মোল্লা আসামির কাঠগড়ায় বসা ছিলেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, মো. সাহিদুর রহমান ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

এর আগে, গত ১১ মে আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে গত ২১ জুন রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আসামিদের বিরুদ্ধে যশোরের মো. ময়েনউদ্দিন ওরফে ময়না, ডা. নওফেল উদ্দিন বিশ্বাস, সুরত আলী বিশ্বাস ও মোক্তার বিশ্বাসকে রাজাকার ক্যাম্পে নিয়ে আটকে রেখে নির্যাতন এবং পরে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।

আসামির বিরুদ্ধে যেসব অভিযোগ

অভিযোগ-১: ১৯৭১ সালে বাঘারপাড়া থানার উত্তর চাঁদপুর গ্রামের মো. ময়েনউদ্দিন ওরফে ময়নাকে তার বাড়ি থেকে আটক করে প্রেমচারা রাজাকার ক্যাম্পে নিয়ে যান মো. আমজাদ হোসেন মোল্লা ও তার সহযোগীরা। সেখানে তিনদিন আটকে রেখে নির্যাতন করে ৬ ভাদ্র দুপুর ১২টার দিকে খুড়দা গ্রামের বিজয় দাশের দেবদারু বাগানে দাঁড় করিয়ে ময়নাকে গুলি করে হত্যা করেন আমজাদ হোসেন মোল্লা।

অভিযোগ-২: ১৯৭১ সালের ২০ জুলাই দুপুর ১টার দিকে আমজাদ হোসেন মোল্লা ও তার সহযোগীরা বাঘারপাড়া খাজুরা বাজার থেকে ডা. নওফেল উদ্দিন বিশ্বাসকে আটক করে প্রেমচারা রাজাকার ক্যাম্পে নিয়ে যান। পরদিন দুপুর ১২টায় তাকে থানা সদরের মহিরাম গ্রামের মাঠে গুলি করে হত্যা করা হয়।

অভিযোগ-৩: ১৯৭১ সালের ২০ সেপ্টেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী সুরত আলী বিশ্বাস, মোক্তার বিশ্বাসকে তাদের বাড়ি থেকে ধরে প্রেমচারা রাজাকার ক্যাম্পে নিয়ে তিনদিন নির্যাতন করা হয়। এরপর ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে খুড়দা গ্রামের বিজয় দাশের দেবদারু বাগানে তাদের গুলি করে হত্যা করেন আমজাদ হোসেন মোল্লা ও তার সহযোগীরা।

অভিযোগ-৪: মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের পার করে দেওয়ার কারণে মাগুরার শালিখা থানার সীমাখালী বাজার ঘাটের মাঝি রজব আলী বিশ্বাসকে ১৯৭১ সালের ১৫ আগস্ট আমজাদ হোসেন মোল্লা ও তার সহযোগীরা ধরে নিয়ে যান। পরে প্রেমচারা গ্রামের চিনারাশি আম বাগানে নিয়ে রজব আলী বিশ্বাসকে গলা কেটে হত্যা করেন তারা।

২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়। ২০১৮ সালের ১৬ এপ্রিল তা শেষ হয়। যশোর জেলা প্রশাসকের দেওয়া রাজাকারদের তালিকাতেও আসামিদের নাম রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ