সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। এছাড়া অক্টোবর মাসের প্রথম ১২ দিনে মৃত্যু হয়েছে ৭১ জনের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন, খুলনা বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, খুলনা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, রংপুর বিভাগে ৭১ জন ও সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।
চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ তিন হাজার ৩৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মোট ৯৭ হাজার ২৯৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৩১৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ সময়ে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।